হোম / অর্থনীতি / ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম
অর্থনীতি

ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট
০৬ আগস্ট, ২০২৬ | ১২:৪০ পূর্বাহ্ন
১২৫ বার পঠিত
ফন্ট:
দেশের বাজারে ফের বড় ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম।

দেশের বাজারে ফের বড় ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে। ঘোষিত নতুন এই দর সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলংকারের নতুন মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এ মূল্যসূচি বহাল থাকবে। তবে গহনার ডিজাইনভেদে মজুরি পৃথকভাবে যুক্ত হবে। বিক্রয়মূল্যের মধ্যেই প্রয়োজনীয় ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলংকার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা ক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে বাজুসের আগের নীতি বহাল থাকবে, যেখানে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের হিসাব বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হয়।

এর আগে, গত ৩১ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+