পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেয়, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া পূর্বঘোষণা অনুযায়ী শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি রয়েছে আন্দোলনকারীদের।
এর আগে গত মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর ক্লাস বর্জনের কঠোর ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ বা সম্পূর্ণ বন্ধের ঘোষণা দেন। এর ফলে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত রয়েছে।
উল্লেখ্য, গত ২৭অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি হিসেবে দাবি করে তা স্থায়ীভাবে হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই সময় মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলা মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা। পরবর্তীতে ২৮অক্টোবর মেলা বন্ধের আলটিমেটাম ও মাঠের স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং ২৯অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি সামাল দিতে গত ২৯অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন। তবে মাঠের স্থায়ী স্থাপনা অপসারণ না করা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন শিক্ষার্থীরা।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন