ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে মারা গেছেন আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ সূত্র জানায়, সকালে ক্যাম্পের একটি কক্ষ থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। নিজের কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরহুমের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করা হচ্ছে।
সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ সুপার আরও জানান, পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনার আসল রহস্য জানা যাবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন