শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও সিলেবাস রিভিউয়ের সুযোগ নিশ্চিত করতে আসন্ন এসএসসি পরীক্ষা পবিত্র রমজানের পরেই অনুষ্ঠিত হবে। বর্তমানে এই পরীক্ষা পেছানোর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করা হয়েছে। সাধারণত জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে তা ফেব্রুয়ারি পর্যন্ত গড়ায়। অথচ চলতি বছর ১০ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০মার্চ পর্যন্ত চলবে, যা পরীক্ষার পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সরকার এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট ও স্থায়ী সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ভবিষ্যতে এসএসসি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সুবিধাও এর মাধ্যমে রক্ষা করা সম্ভব হয়। সার্বিক বিচারে ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হলেও রমজানের পবিত্রতার কথা মাথায় রেখে এ বছর তা করা যাচ্ছে না।
শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে শিক্ষামন্ত্রী আরও বলেন, অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার কথা ভাবা হয়েছিল। কিন্তু দশম শ্রেণির সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির পড়াশোনা রিভিউ বা পুনর্পাঠের জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময়ের প্রয়োজন রয়েছে। জানুয়ারিতে পরীক্ষা নিলে সেই সুযোগ সংকুচিত হয়ে যেত, যা শিক্ষার্থীদের ক্ষতির কারণ হতে পারে। তাই সবদিক বিবেচনা করে রমজানের পরেই পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত দিন