উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। এর মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদ্বয়, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা অনলাইন, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারছেন।
যেভাবে ফলাফল জানা যাবে:
অনলাইনে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে নির্ধারিত ফরম্যাটে বার্তা লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ করে অবশেষে এ ফল প্রকাশ করা হলো।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে:
প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
পুনর্নিরীক্ষণের জন্য rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও সচল মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে। প্রতি পত্রের আবেদন ফি ১৫০ টাকা নির্ধারিত করা হয়েছে (দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে)। বিকাশ, নগদ, রকেট, উপায় বা সোনালী সেবার মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল বা ফি অফেরতযোগ্য হলেও, চাইলে পরবর্তীতে নতুন বিষয় যুক্ত করার সুযোগ থাকবে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন