ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা অর্ধশতাধিক যানবাহন ও স্থানীয় দোকানপাট ভাঙচুর করেছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করেন।
উদ্ভূত পরিস্থিতিতে মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের এলাকায় পোশাক কারখানাগুলো পুনরায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভ ও ভাঙচুরের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দীর্ঘ যানজটে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং শ্রমিকরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন