বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলার নাওজোর ও মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এর আগে সকালে চন্দ্রা এলাকায় ‘ডিভাইন’ ও ‘ইন্টার স্টপ’ কারখানার শ্রমিকরা কাজে যোগদানের পর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে আশুলিয়ার বিভিন্ন স্থানেও শ্রমিকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে এবং নিরাপত্তাঝুঁকিতে বেশ কিছু কারখানা আজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিজিবি মোতায়েন ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫জনে উন্নীত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এতে দফায় দফায় সংঘর্ষ ও আটকের ঘটনাও ঘটেছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন