ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের উলাইল এবং হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এবং সকাল ৯টার দিকে সাভারের উলাইল এলাকায় পৃথক এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশ সদস্য, সাংবাদিক, পথচারী ও শ্রমিক মিলিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ, শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পদ্মার মোড় এলাকায় জড়ো হন স্ট্যান্ডার্ড গ্রুপসহ বিভিন্ন কারখানার ৩০-৪০ হাজার শ্রমিক। সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডার একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কারখানায় ভাঙচুর শুরু করে। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। একপর্যায়ে সকাল ৯টা ১০মিনিটে আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তির সৃষ্টি হয়। একই দাবিতে উলাইল এলাকার আলমুসলিম গ্রুপের সামনেও মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সাভার ও আশুলিয়ায় ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মো মোতায়েন করা হয়েছে। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে পদ্মার মোড়, হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, দুই পাশ থেকে একজোটে হাজার হাজার শ্রমিক পুলিশের ওপর হামলা চলায় এবং ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ হামলায় সাভার মডেল থানার ওসি গুরুতর আহত হয়েছেন।
বিজিবি ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইমুন জানান, শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন রয়েছে। সাধারণ শ্রমিকদের আড়ালে সুযোগসন্ধানী দুষ্কৃতকারীরা জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে; বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিহত করতে কাজ করছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন