২০০৯ সালের পিলখানায় সংঘটিত মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ডে নেপথ্য ষড়যন্ত্র, ঘাতক চক্রের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী বিভিন্ন অপতৎপরতায় যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য চক্রান্ত এবং মূল চক্রের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ও ভূমিকা সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান শেষে আটক খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার গভীরতা ও সামগ্রিক নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন