রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনায় চারজন যাত্রী নিহত হন, যার মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন হিসেবে ব্যবহৃত হতো।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে নিহতদের মরদেহ গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন