হোম / সারাদেশ / ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্যান থেকে নামিয়ে মার...
সারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভ্যান থেকে নামিয়ে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

শহিদুল ইসলাম (আলফাডাঙ্গা) ফরিদপুর
০৬ অক্টোবর, ২০২৬ | ১২:৪৩ অপরাহ্ন
৩২৪ বার পঠিত
ফন্ট:
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে মো. হোসেন মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে মো. হোসেন মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর একটি দাঁত ভেঙে দেওয়া হয় এবং নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

গত রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ১ নম্বর বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ গ্রামের বটতলা সরকারি পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখিত প্রধান অভিযুক্তরা হলেন—বুড়াইচ গ্রামের রহিম শেখের ছেলে মো. সবুজ শেখ (৩০) ও মো. সজীব শেখ (২৮)সহ মোট সাতজন। অভিযুক্তরা সকলেই আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জের ধরে ঘটনার দিন সকালে তিনি ও কয়েকজন সাক্ষী আলফাডাঙ্গা বাজার থেকে ভ্যানে চড়ে বুড়াইচ বটতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। এ সময় তাঁকে ভ্যান থেকে নামিয়ে গালিগালাজ করা হয়। একপর্যায়ে ১ নম্বর আসামি মো. সবুজ শেখ লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁর একটি দাঁত ভেঙে ফেলেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এছাড়া ২ নম্বর আসামি মো. সজীব শেখ এসএস পাইপ দিয়ে আঘাত করে তাঁর পকেটে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

হামলার একপর্যায়ে তাঁকে জোরপূর্বক পাশের একটি জমিদার বাড়িতে নিয়ে রিফাত শেখ নামের এক ব্যক্তির মাধ্যমে পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরবর্তীতে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত হোসেন মৃধাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকেই তাঁর ভাতিজা মুজাহিদ মৃধার মাধ্যমে থানায় লিখিত এজাহার পাঠানো হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, অভিযোগটি আমলে নিয়ে গত ৪ অক্টোবর থানায় নিয়মিত মামলা (নম্বর-৪) রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মামলার প্রধান অভিযুক্ত মো. সবুজ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

শ
শহিদুল ইসলাম (আলফাডাঙ্গা) ফরিদপুর

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+