চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় মাইশা মুসফিয়াত (২১) নামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এক ইংরেজি বিভাগের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীরা মহাসড়কের পাশে ঢাকামুখী লেনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি দ্রুতগতির লরি স্থানীয় একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর উঠে গেলে তিনজন আহত হন। পরে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর ফলে ওই রুটে তীব্র যানজট ও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন