দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন এবং নতুন করে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টাতেই কেবল ঢাকা বিভাগে ৫৪৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং এই বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হলো, যার মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১হাজার ২০৪জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১লাখ ৯৮ হাজার ৭৫০জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন