রাজধানীর বাজারগুলোতে একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে তীব্র চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। চাল, ডাল, মাছ, মাংস ও ডিম কিনতে গিয়ে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে।
মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা, সোনালি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকায় অবস্থান করছে। বৃদ্ধি পেয়েছে ফার্মের ডিমের দামও; বাজারে ডজনপ্রতি ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হলেও পাড়া-মহল্লার দোকানগুলোতে তা গড়িয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকায়।
স্বস্তি নেই মাছের বাজারেও। বাজারে বর্তমানে ২৫০ টাকার নিচে প্রায় কোনো মাছই মিলছে না। মানভেদে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি কই ও শোল মাছের দাম কেজিপ্রতি ৭০০ টাকা ছাড়িয়েছে। আর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে ইলিশ; কেজি ওজনের ইলিশ কিনতে গুণতে হচ্ছে প্রায় ২,৫০০ টাকা।
ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও প্রতি সপ্তাহেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। ফলে কেনাকাটার বাজেট দ্রুত শেষ হয়ে গিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন ভোক্তারা।

আপনার মতামত দিন