সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে থাকছে না 'হেয়ারকাট', ১ সেপ্টেম্বর থেকে টাকা তোলার সুযোগ
দূর্বল পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর আমানতের ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০০৪ ও ২০২৫ সালের জন্য ঘোষিত মুনাফার একটি অংশ কেটে রাখার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ আমানতকারীরা যাতে প্রয়োজনীয় টাকা তুলতে পারেন, সে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর বৈঠকে অংশ নেন।
বৈঠকে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট থাকবে না। এ বিষয়ে গ্রাহকদের বিভ্রান্তি দূর করতে ব্যাংক কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো নির্দেশ দেন, আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ব্যক্তি আমানতকারীরা যাতে তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংককে দ্রুত পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম চালুর নির্দেশও দেন তিনি।
উল্লেখ্য, চরম তারল্য সংকটে পড়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। ৪-হাজার কোটি টাকা অনুমোদিত ও ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে রূপান্তর করা হবে।

আপনার মতামত দিন