হোম / অর্থনীতি / বিদেশ ভ্রমণে ডলার খরচের বার্ষিক সীমা বাড়াল ব...
অর্থনীতি

বিদেশ ভ্রমণে ডলার খরচের বার্ষিক সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:০২ পূর্বাহ্ন
১০৮ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা বা ডলার খরচের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা বা ডলার খরচের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। এতদিন এই সীমার পরিমাণ ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এসংক্রান্ত একটি পরিপত্র জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংককে বিষয়টি অবহিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সার্কুলারে জানানো হয়, নাগরিকদের বিদেশ ভ্রমণকালীন বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা বিবেচনা করে বার্ষিক এনডোর্সমেন্ট সীমা বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোটা বাড়ানো হলেও ১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। অপ্রাপ্তবয়স্করা প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার সর্বোচ্চ অর্ধেক বা ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন।

নতুন নিয়মে নগদ ডলার বহনের ক্ষেত্রে একটি বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, অনুমোদিত মোট সীমার মধ্যে একজন যাত্রী নগদ মার্কিন ডলারের নোট আকারে সর্বোচ্চ ৫ হাজার ডলার সঙ্গে রাখতে পারবেন। বাকি অর্থ কার্ড কিংবা অন্য কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।

এছাড়া বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য যাবতীয় নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+