জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা এখন থেকে কোনো ধরনের সুদ ছাড়াই সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি ঋণ বা পেমেন্ট সেবা পাওয়ার সুযোগ পাবেন। ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংকের এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
ব্যাংক অ্যাকাউন্ট বা নগদ টাকায় সরাসরি এই ঋণ দেওয়া হবে না। মূলত বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, সন্তানের স্কুলের বেতন, হাসপাতালের বিল পরিশোধ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের ডিপিএস ও ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধের মতো জরুরি প্রয়োজনে বিলের সমপরিমাণ অর্থ এই সুবিধার আওতায় পরিশোধ করা যাবে।
এই সেবার আওতায় কোনো সুদ বা লভ্যাংশ নেওয়া হবে না, তবে নামমাত্র একটি মাশুল বা ফি প্রদান করতে হবে। ৭, ১৫ ও ৩০ দিন মেয়াদি এই ঋণের মাশুল সম্পূর্ণ সাশ্রয়ী রাখা হয়েছে। যেমন—১০ হাজার টাকা ঋণ নিয়ে তা ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল প্রযোজ্য হবে। ১৫ দিনের জন্য এই ফি হবে ৭০ টাকা এবং ৭ দিনের জন্য হবে মাত্র ৩৫ টাকা। একইভাবে ছোট অঙ্কের ঋণের ক্ষেত্রে মাশুলের পরিমাণ আরও কম নির্ধারিত রয়েছে।
বর্তমানে দেশের ব্যাংকগুলোর অ্যাপ ব্যবহারকারী প্রায় আড়াই কোটি গ্রাহক এই সুবিধার আওতায় আসার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে চূড়ান্তভাবে কোন গ্রাহক এই ঋণ পাবেন, সে বিষয়ে ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।
সিটি ব্যাংক পিএলসি-র ডিএমডি অরূপ হায়দার এই উদ্যোগকে একটি ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের তাৎক্ষণিক সংকট যেমন দূর করবে, তেমনি ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।

আপনার মতামত দিন