সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমের চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রাহকদের আবেদন অনুযায়ী এই অর্থ পরিশোধ করা হয়। একই দিনে নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন জমা পড়েছে, যার বিপরীতে ৩৭৪ কোটি টাকা উত্তোলন চাওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয় এবং ৭ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে (৭ সেপ্টেম্বর) ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন এবং ব্যাংকে মোট ১৪১ কোটি টাকা জমা হয়। দ্বিতীয় দিনে (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন এবং ব্যাংকে ১৯৫ কোটি টাকা প্রবাহিত হয়। তৃতীয় দিনে (৯ সেপ্টেম্বর) ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।
এছাড়া ১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৫ কোটি টাকা, ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক ১ হাজার ১৬ কোটি টাকা এবং ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছিলেন।
গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক ব্যক্তিগত লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার জানান, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাঁদের অর্থ উত্তোলন করছেন।

আপনার মতামত দিন