কয়েক দিনের টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে ফের বেড়েছে সবজির দাম। বাজারে এখন বেশিরভাগ সবজি চড়া দামে বিক্রি হচ্ছে, যার মধ্যে গোল বেগুন ও গাজর সর্বোচ্চ ১৪০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির সরবরাহ কিছুটা কম থাকায় দাম বাড়তি। আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ১০০ টাকা, পটল, বরবটি, ঝিঙা, ধন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, করলা ও শসা ৮০ টাকা এবং টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কচু ও মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে তুলনামূলক কম দামে মিলছে শুধু পেঁপে, যা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় আজ প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা বলেন, কয়েক দিনের বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে আবহাওয়া স্বাভাবিক ও বৃষ্টি কমলে সবজির দাম দ্রুত কমে আসবে বলে আশা করছেন বিক্রেতারা।

আপনার মতামত দিন