কর জাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবা সহজ ও ব্যবসাবান্ধব করতে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই প্রশাসনিক পুনর্গঠনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বরের (বিআইএন/BIN) শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হচ্ছে, যা নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তর করা হয়েছে। তবে নম্বরের শেষ চার ডিজিট বদলালেও প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
সোমবার (৩ আগস্ট) এনবিআর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি-রপ্তানি কার্যক্রমে যেন কোনো সাময়িক জটিলতা বা বিঘ্ন না ঘটে, সেজন্য কাস্টমসের সার্ভার সিস্টেমে পুরোনো ও নতুন—উভয় বিআইএন নম্বরই সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। ফলে ব্যবসায়ীরা পূর্বের বিআইএন ব্যবহার করে খোলা এলসি (LC), বিল অব এন্ট্রি, ঘোষণাপত্রসহ অন্যান্য চলমান কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবেই সম্পন্ন করতে পারবেন।
তবে এনবিআরের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে পুরোনো বিআইএনের আওতায় থাকা সব কাজ শেষ করে নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত এই সময়ের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং পরবর্তীতে আমদানি-রপ্তানিসংক্রান্ত যাবতীয় কাস্টমস কার্যক্রম কেবল নতুন বিআইএন দিয়েই পরিচালনা করতে হবে।

আপনার মতামত দিন