বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের পুরো অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। পেমেন্ট ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে ব্যাংক, এমএফএস (যেমন বিকাশ, নগদ, রকেট), পিএসপি এবং পিএসওগুলোকে তাদের মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লোগো অনুসরণ করেই এই আইকন প্রদর্শন করতে হবে। পাশাপাশি, আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি ইমেজ আপলোডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। 'পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪'-এর ১৮(২) ধারার আওতায় এই যুগান্তকারী নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আপনার মতামত দিন