সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রথিতযশা কবি ও কথাসাহিত্যিক সৈয়দা রাশিদা বারী। ‘কবি সংসদ বাংলাদেশ’-এর ২৮ বছর পূর্তি উৎসব উপলক্ষে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গত ২৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথিরা তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় জন্ম নেওয়া সৈয়দা রাশিদা বারী একাধারে কবি, কথাসাহিত্যিক, গীতিকার ও স্বপ্নের দেশ সম্পাদক-প্রকাশক। তিনি বাংলাদেশ টেলিভিশন, বেতার ও চলচ্চিত্রের তালিকাভুক্ত গীতিকার।
এছাড়া, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সচিত্র মাসিক সংবাদ ম্যাগাজিন ‘স্বপ্নের দেশ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে গত এক যুগ ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই বহুমুখী লেখক শিশুসাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা ও পাঠ্যবইসহ এযাবত দুই শতাধিক গ্রন্থের রচয়িতা। তার ব্যক্তিগত গ্রন্থাগারে রয়েছে দুই লাখের বেশি বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। দীর্ঘ সাহিত্যযাত্রায় তিনি বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেলের প্রধান অতিথি এবং পুলিশের সাবেক আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদের উদ্বোধনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কবি নজরুল ইসলাম তামিজী। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন, কবি লিটন হায়দারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন