হোম / রাজধানী / মিরপুরে মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হাম...
রাজধানী

মিরপুরে মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভবন ভেঙে দখলের চেষ্টা

ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:০৪ পূর্বাহ্ন
৪৭ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের দেওয়া তথ্য অনুযায়ী, ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি এই হামলা চালান।

প্রথমে হামলাকারীরা কেন্দ্রের দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করেন। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরে সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা কেন্দ্র থেকে নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিনসহ জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, ল্যাবরেটরির সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ এবং বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। সব মিলিয়ে ভাঙচুর ও লুটপাটে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান সেবা দিয়ে আসছে রাড্ডা সেন্টার। এই হামলার কারণে কেন্দ্রটির সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। বিশেষ করে, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও ভাঙচুর ও দখলের কারণে তা আর কার্যকর করা সম্ভব হয়নি।

এ ঘটনায় রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এজাহারে হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে স্বাস্থ্যসেবা পুনরায় চালু করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+