রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (আজ) সকাল সাড়ে ১০টার দিকে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।
হকারদের ভাষ্য অনুযায়ী, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। এ সময় হোপ মার্কেটের সামনের ফুটপাতের একটি দোকান উচ্ছেদ করতে গেলে বিদ্যুতের তার থেকে আকস্মিক আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা। কিছুক্ষণের মধ্যেই কয়েকশ হকার সংঘবদ্ধ হয়ে হামলা ও ভাঙচুর শুরু করেন। তারা সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান এলে সেটিকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেটের দিক থেকে কিছু আনসার সদস্য দৌড়ে মিরপুর ১৩ নম্বরের দিকে যাওয়ার সময় ২০-৩০ জন ব্যক্তি তাদের দিকে লাঠি ও ইটপাটকেল ছুঁড়ছেন। বাইতুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি জায়গায় মালামাল পুড়ে যাওয়ার স্থানে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদের ছবি ও ভিডিও তুলতে গেলে হকারদের বাধার মুখে পড়েন গণমাধ্যমকর্মীরা। এ সময় আগুনে পোড়া গাড়ির ছবি তুলতে গেলে সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপর চওড়াও হন বিক্ষুব্ধ হকাররা। ঘটনার সময় প্রাথমিকভাবে ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়নি বলে জানা গেছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন