শার্টের কলার এমন একটি অংশ, যেখানে ঘাম, ধুলা ও শরীরের তেল সবচেয়ে বেশি জমে। ফলে নিয়মিত ব্যবহারে কলারে ময়লা ও হলদেটে দাগ পড়ে যায়, যা হালকা রঙের শার্টে বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। কেবল ওয়াশিং মেশিনে শার্ট দিলেই এই জেদি দাগ সব সময় পুরোপুরি উঠতে চায় না। তাই মেশিনে দেওয়ার আগে কিছু ঘরোয়া ও সহজ উপায় অবলম্বন করে কলার পরিষ্কার করে নেওয়া জরুরি।
শার্ট মেশিনে দেওয়ার আগে সমান করে বিছিয়ে কলারের দাগযুক্ত অংশে পরিমাণমতো তরল কাপড় ধোয়ার সাবান বা ডিটারজেন্ট লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর একটি নরম ব্রাশ দিয়ে আলতো হাতে কলার পরিষ্কার করে নিন। তবে খুব জোরে ঘষাঘষি করা উচিত নয়, এতে কাপড়ের তন্তু নষ্ট হতে পারে। তেল ও ঘামের মাত্রা বেশি হলে সাবান লাগানোর পর হালকা গরম পানি ব্যবহার করা যেতে পারে, তবে এর আগে শার্টের লেবেলে থাকা ধোয়ার নির্দেশনা দেখে নেওয়া ভালো।
দাগ যদি অত্যন্ত জেদি হয়, তবে সামান্য খাবার সোডা ও পানির পেস্ট তৈরি করে শুধু দাগের জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এরপর নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে স্বাভাবিক নিয়মে ওয়াশিং মেশিনে শার্টটি ধুয়ে ফেলুন। রঙিন শার্টের ক্ষেত্রে খাবার সোডা ব্যবহারের আগে কাপড়ের লুকানো কোনো অংশে সামান্য লাগিয়ে রং নষ্ট হয় কি না, তা পরীক্ষা করে নেওয়া উচিত।
শার্ট দীর্ঘসময় নোংরা করে না রেখে অতিরিক্ত ঘাম হলে দ্রুত ধুয়ে ফেলা ভালো। এছাড়া সাদা শার্টেও প্রতিবার শক্তিশালী ব্লিচ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি কাপড়ের তন্তু দুর্বল করে দেয়। পুরোনো ও স্থায়ী দাগ তোলার জন্য অতিরিক্ত জোরে না ঘষে পেশাদার লন্ড্রি বা ড্রাই ক্লিনারের সাহায্য নেওয়া যেতে পারে। সঠিক নিয়মে কলারের যত্ন নিলে শার্ট দীর্ঘদিন নতুনের মতো পরিষ্কার ও উজ্জ্বল থাকে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন