ঢাকা নগরীর সব স্থানে হকারদের যত্রতত্র বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট বা অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৫ অক্টোবর) সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্তকরণ অভিযান পরিচালনা ও পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঢাকাকে একটি বাসযোগ্য ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই উচ্ছেদ হওয়ার পর পুনরায় সড়ক বা ফুটপাত দখলের পায়তারা করা হলে ব্যবসায়ীদের মালামাল ক্রোক ও জব্দ করা হবে। পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও নিয়মিত মামলা দায়ের করা হবে।’
একটি সুন্দর ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে যা যা করা প্রয়োজন, সিটি করপোরেশন তার সবকটি পদক্ষেপই গ্রহণ করবে এবং এ বিষয়ে নানামুখী উদ্যোগ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন