রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে শরীরের অংশগুলো উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৮টার দিকে খালপাড়ের ময়লার স্তূপে থাকা একটি শপিং ব্যাগ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত পাওয়া যায়। তবে দেহের বাকি অংশের সন্ধান এখনও মেলেনি। শরীরের অবশিষ্ট অংশ খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর রহস্য উন্মোচন ও লাশ গুম করার উদ্দেশ্যে দেহ খণ্ডিত করে নির্জন এই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যেই ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে পুলিশ।

আপনার মতামত দিন