রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের আকস্মিক অবরোধে অচল হয়ে পড়েছে পুরো এলাকার যান চলাচল। এর নেতিবাচক প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। ফলে তীব্র যানজটে আটকে পড়ে অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকেরা। এরপর থেকেই ওই এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আকস্মিক এই অবরোধে দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা।
নিউমার্কেটগামী এক যাত্রী জানান, আধা ঘণ্টা ধরে সিএনজিতে বসে থেকেও সামনে এগোতে পারছেন না তিনি। ক্ষুব্ধ এক যাত্রী বলেন, "ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকেরা যখন-তখন সড়ক বন্ধ করে দিলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।"
আন্দোলনরত চালকদের দাবি, তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে—সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। অবরোধে অংশ নেওয়া এক চালক জানান, তাদের পুরো শহরে অটোরিকশা চালানোর দাবি নেই; তবে যেসব নির্দিষ্ট সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেখানে নির্বিঘ্নে গাড়ি চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন