রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ‘রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প’ এলাকায় একটি নতুন অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার দূরপাল্লার বাস চলাচল রাজধানীর মূল সড়কের বাইরে স্থানান্তরিত করা হবে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে টার্মিনালটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের একাধিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই ঝিলমিলে এই টার্মিনাল তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে ঝিলমিলের এই অস্থায়ী টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে ঢাকার মূল শহরের অভ্যন্তরে দূরপাল্লার বাসের প্রবেশ উল্লেখযোগ্য হারে কমবে, যা রাজধানীর যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে নগরীর যানজট কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে। জনস্বার্থে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন