হোম / রাজধানী / পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুঝুঁকি ভাতা ৪ লাখ টা...
রাজধানী

পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুঝুঁকি ভাতা ৪ লাখ টাকা ও ৪২০ হাসপাতালে চিকিৎসা সুবিধা

ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর, ২০২৬ | ০৫:৫৫ অপরাহ্ন
১১৬ বার পঠিত
ফন্ট:
মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা প্রদান এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা প্রদান এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর উত্তর শাহজাহানপুরে ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্যের কথা জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের সার্বিক কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় কর্মীদের কাজের নিরাপত্তায় সুরক্ষাসামগ্রী প্রদানে সহযোগিতার জন্য হারপিক ও সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।

ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে আবদুস সালাম বলেন, "প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং দোকানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেললে নগরের সৌন্দর্য বজায় থাকার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুলাংশে কমে আসবে।" একই সঙ্গে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিক করে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে ১১ নম্বর ওয়ার্ডের এসটিএস সৌন্দর্যবর্ধন কাজ শুরু করা হয়েছে। এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট সংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোর আধুনিকায়ন সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন এবং হাই-ভিজিবিলিটি ভেস্টসহ নানা সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+