বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা তিন দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এর ফলে ওই রুটে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোনো সুরাহা পাননি। বাধ্য হয়ে দাবি আদায়ে রাজপথে নেমেছেন তারা।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে আলোচনা চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যাননি এবং আন্দোলন অব্যাহত রয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন