রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। খবর পেয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, “বিস্ফোরিত ককটেলটি চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে চালক আঘাত পেয়ে আহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি জোরদার করেছে। জড়িতদের শনাক্ত করার বিষয়ে পুলিশ কর্মকর্তা ইবনে মিজান জানান, “কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

আপনার মতামত দিন