রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর নিজ কার্যালয়ে ঢুকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মহাখালীতে প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেন, ড্যাবের একদল কর্মী হঠাৎ তার কক্ষে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে।
ঘটনার এক ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালক তার কার্যালয়ে কয়েকজন সহকর্মীর সঙ্গে দাপ্তরিক বৈঠকে ব্যস্ত ছিলেন। এ সময় ৮ থেকে ৯ জন ব্যক্তি জোরপূর্বক কক্ষে প্রবেশ করেন এবং তাকে চেয়ার থেকে টেনে তুলে এলোপাতাড়ি মারধর করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ। তবে পরিচালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন, স্বৈরাচারী সরকারের আমলের বিতর্কিত কর্মকর্তা ও সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে পরিচালক কাজী আহমেদ কীভাবে এখনো বৈঠক করেন? উল্লেখ্য, মীরজাদী সাবরিনা ফ্লোরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য খাত ও আইইডিসিআরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
হামলার সময় পরিচালকের কক্ষে উপস্থিত থাকা এক জনস্বাস্থ্যবিদ নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারীদের তিনি আগে কখনো আইইডিসিআর প্রাঙ্গণে দেখেননি।
এদিকে আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও নজিরবিহীন আখ্যা দিয়ে বলেন, "একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানের প্রধানকে নিজ কার্যালয়ে এভাবে মারধরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।"
উল্লেখ্য, আইইডিসিআর দেশের রোগ পর্যবেক্ষণ, গবেষণা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের সিডিসির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে জনস্বাস্থ্য রক্ষায় কাজ করে থাকে। বর্তমান সরকারের আমলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আহমেদ জাকি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন