রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১আগস্ট) দুপুর দেড়টার দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহাখালীর সিএম পাম্প ও মুক্তিযোদ্ধা গলি এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী এসে জড়ো হন। তাঁরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘেরাও করেন। এ সময় একজনকে গণপিটুনি দিয়ে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। খবর পেয়ে বনানী থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আরও তিনজনকে আটক করে। বাকিদের আটকের চেষ্টা চালানো হলে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগ কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, অটোরিকশায় করে এসে নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করার জন্য জড়ো হচ্ছিলেন। পুলিশ ও জনতা চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন