শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে যাতায়াত ও প্রবেশে কড়া নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামানও। এ ছাড়া ৩২ নম্বরের পশ্চিম পার্শ্বসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা কড়াকড়ির কারণে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়েনি এবং সকাল থেকে কাউকে পুষ্পস্তবক অর্পণ করতেও দেখা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই স্থানটিতে সাধারণ মানুষের প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রিত ছিল। আজ ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলো।

আপনার মতামত দিন