রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৪টি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাটা সিগন্যালের নিকটবর্তী নিউ মার্কেটমুখী সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টা ৫ মিনিটে খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কস্টেপ দিয়ে মোড়ানো চারটি গোলাকার বস্তু দেখতে পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।
উদ্ধার করা বস্তুগুলো ককটেল নাকি অন্য কিছু, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য সিটিটিসির দল উদ্ধারকৃত বস্তুগুলো নিয়ে গেছে বলে জানান ওসি।

আপনার মতামত দিন