নারী যাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও প্রযুক্তিনির্ভর যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চালু করেছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ এবং এতে যুক্ত করেছে ই-টিকিটিং ব্যবস্থা।
মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর গণপরিবহন গড়ার অংশ হিসেবে এই সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে নারীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং কাউন্টারের দীর্ঘ অপেক্ষা এড়াতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে মোট ১৪টি পিংক বাস চলাচল করবে—যার মধ্যে ঢাকায় ১০টি, বগুড়ায় ২টি এবং চট্টগ্রামে ২টি। এসব বাস ঢাকায় ১৬০টি, চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টিসহ মোট ১৮৮টি নির্ধারিত স্টপেজে যাত্রীসেবা দেবে। পুরো বাস পরিচালনায় থাকবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।
যাত্রী এবং বাসে কর্মরত নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাসে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার লক্ষ্যে বিআরটিসির বহরে ১০০টি বৈদ্যুতিক বাস (ইভি) যুক্ত করার কাজ চলছে এবং নতুন বাস সংযোজনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় ৮০০ কোটি টাকা ঋণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত দিন