জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রনজিনা বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চোখের চিকিৎসার জন্য শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে হাসপাতালের দিকে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছান। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। এদিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল কাজ করছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত দিন