ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় মঈনুল ইসলাম মাঈনুদ্দীন (২৫) হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুকসুদপুর উপজেলা পর্যায়ের নেতা তানিজম মৃধাকে খুঁজছে পুলিশ। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২১ জুলাই দুপুরে শনির আখড়া ব্রিজের উত্তর-পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনে অংশ নেওয়ার সময় মঈনুদ্দীন হামলার শিকার হন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মঈনুদ্দীনের বাবা কামরুল ইসলাম ২০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইফাত আহমেদ জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তানিজমের সম্পৃক্ততা মিলেছে।
এছাড়া যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বিভিন্ন এলাকায় ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেও তার সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তানিজমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আপনার মতামত দিন