রাজধানীর শাহবাগ এলাকার দুটি পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তিরা দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

আপনার মতামত দিন