রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়ার পুরাতন এ কে স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ‘দি হোয়াইট হল পার্টি সেন্টার’-এর সামনের গলির মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গলির মুখে একটি পুরোনো প্লাস্টিকের ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো রাখা ছিল। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
কে বা কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে মজুত করেছিল, তা উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত দিন