সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। জিরোবো ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তি একজন সবজি বিক্রেতা হলেও তাঁর তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
এর আগে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, একটি কাভার্ডভ্যান থেকে গ্যাস সিলিন্ডার খালাস করার সময় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী একটি কারখানার লাইনম্যান লিটন মিয়া জানান, বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহাবুদ্দিন জানান, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় তীব্র যানজট ও রাস্তার বেহাল দশার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পোহাতে হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

আপনার মতামত দিন