বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভুট্টাবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহতরা হলেন— জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী তাঁর সাত স্বজনকে নিয়ে মাইক্রোবাসযোগে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ভোররাতে গাড়িটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুলবশত বিপরীতমুখী (উল্টো) লেনে উঠে পড়ে। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন