ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি কালীগঞ্জে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় রাবেয়া খাতুন তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। এ সময় ট্রেনের চাকার নিচে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল, তবে পথেই তার মৃত্যু হয়।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন