হোম / সারাদেশ / ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে রেললা...
সারাদেশ

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে রেললাইন অবরোধ, চার ঘণ্টা ধরে চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি ►নীলফামারী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৫৪ পূর্বাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
নীলফামারীর ডোমারের মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামানোর দাবিতে রেললাইন অবরোধ করে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।

নীলফামারীর ডোমারের মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামানোর দাবিতে রেললাইন অবরোধ করে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। এর ফলে চিলাহাটি রেলপথে প্রায় চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মিরজাগঞ্জ রেলস্টেশনে এই আন্দোলন শুরু হয়। সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলনকারীরা অনড় অবস্থানে রয়েছেন।

অবরোধের কারণে চিলাহাটি রেলওয়ে স্টেশনে খুলনাগামী ‘রকেট মেইল’ এবং ডোমার রেলওয়ে স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন আটকা পড়ে আছে। তীব্র গরমে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আন্দোলনকারীদের দাবি, মিরজাগঞ্জ রেলস্টেশনটি জোড়াবাড়ী ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু গুরুত্বপূর্ণ এই স্টেশনে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে যে ট্রেনগুলো থামে, সেগুলোও ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে ওঠানামায় মারাত্মক ঝুঁকি তৈরি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ডোমার স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

জ
জেলা প্রতিনিধি ►নীলফামারী

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+