শর্টফিল্মে অর্থ বিনিয়োগে অস্বীকৃতি জানানোর জেরে এক ব্যবসায়ীকে মারধর ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন সহযোগী তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের একটি শর্টফিল্ম প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য চাপ দেন। কিন্তু ওই ব্যবসায়ী তাতে রাজি হননি।
অভিযোগ রয়েছে, গত ২২ আগস্ট ভোরে তরুণ তার নিজ কক্ষে ফিরে দেখতে পান সেখানে আগে থেকেই বর্ষিণী, তার বন্ধু সঞ্জয়সহ আরও দুই ব্যক্তি উপস্থিত রয়েছেন। এ সময় তারা ব্যবসায়ীর ওপর চড়াও হন এবং মারধর করে তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।
পরবর্তীতে হামলাকারীদের পক্ষ থেকে জোরপূর্বক তরুণকে বাধ্য করা হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠাতে। সঞ্জয়ের নির্দেশে তরুণ তার অ্যাকাউন্ট থেকে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ টাকা এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে আরও ২ লাখ টাকা ট্রান্সফার করেন। এভাবে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা আদায়ের পরও ক্ষান্ত হননি অভিযুক্তরা; বরং তার কাছে আরও ২৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী উপায় না পেয়ে বিষয়টি পুলিশকে জানালে গুইন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ব্যাংক হিসাবের লেনদেন যাচাই শুরু করে এবং তরুণের অ্যাকাউন্ট থেকে বর্ষিণীর অ্যাকাউন্টে ৩ লাখ টাকা স্থানান্তরের সত্যতা পায়।
তদন্তের ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা বর্ষিণী ভেঙ্কটকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে (জেলহাজত) পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন