পরিবারের সদস্যদের বিরুদ্ধে তীব্র হয়রানি এবং নিজের সঙ্গে ‘দাসের মতো’ আচরণের অভিযোগ তুলেছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দেওয়া দীর্ঘ এক পোস্টে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। সেখানে পরিবারের কাছ থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও বলেন এই গায়িকা।
পোস্টে ব্রিটনি অভিযোগ করেন, কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলে তার বোন জেমি লিন তাকে একবারের জন্যও ভাগনি আইভিকে কোলে নিতে দেননি। এ ছাড়া সাবেক স্বামী কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে তাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না বলে উল্লেখ করেন তিনি।
পরিবারের তীব্র সমালোচনা করে ব্রিটনি লেখেন, “তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার অজান্তে তারা অনেক কিছু করেছে, যা আমার কাছ থেকে গোপন রাখা হয়েছে। অথচ আমি কেবল বাবার জন্যই কাজ করে গেছি।”
এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন এই পপ তারকা। আলোকচিত্রীদের ছবি তোলার জন্য তাকে উদ্দেশ্যমূলকভাবে অপেক্ষায় রাখা হয়েছিল দাবি করে পুরো ঘটনাটিকে একটি ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ হিসেবে অভিহিত করেন তিনি। চারপাশের মানুষের আচরণ নিয়ে ব্যঙ্গ করার পাশাপাশি নিজের নিরাপত্তা ও খাবার নিয়ে শঙ্কা প্রকাশ করেন ব্রিটনি।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন