সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন।
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে ফারিন জানান, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর তারা দুই বছরের বেশি সময় ধরে বিবাহিত। এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার ও স্বামীর পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাঙ্ক্ষিত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।’
শোবিজের অনিয়মিত রুটিনের মধ্যেও কঠোর শৃঙ্খলা মেনে জীবনযাপন করেন এই অভিনেত্রী। স্কুলজীবনের সেই অভ্যাস এখনও বজায় রেখেছেন জানিয়ে ফারিন বলেন, শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং খুব ভোরে ঘুম থেকে ওঠেন। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করা, ঘর গোছানো এবং নিয়মিত শরীরচর্চা তার রুটিনের অংশ।
নাটক ও ওটিটি মাধ্যমে অভিনয়ের দ্যুতি ছড়ানোর পর ৯ বছর আগে বড়পর্দায় নাম লিখিয়েছিলেন ফারিন। তবে সে সময় অনুকূল পরিবেশ না থাকায় চলচ্চিত্রে পথচলা শুরু করা হয়নি। অবশেষে দুই বছর আগে ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটে। এরপর চলতি বছর ‘প্রিন্স’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে নিজের পরিচিতিকে আরও এক ধাপ এগিয়ে নেন। তবে অনেকের মতেই, এই সিনেমায় তার চরিত্রটি যথেষ্ট গুরুত্ব পায়নি এবং গল্পে তাকে যেন অনেকটাই অলংকার হিসেবে ব্যবহার করা হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন