খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুধু খুলনা জেলাতেই চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসা নিতে ভর্তি হন। নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২২৬ জন রোগীই খুলনা অঞ্চলের (জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন) বলে জানা গেছে। এছাড়া অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে ১১, নড়াইলে ১২, সাতক্ষীরায় ১৭, কুষ্টিয়ায় ৪, মেহেরপুরে ৪ এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩০২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮১৮ জন। তবে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন রোগী। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় থাকা ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই তীব্র সংক্রমণ নিয়ন্ত্রণে অবিলম্বে জোরালো মশক নিধন অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন