বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা ঘরের ভেতর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর সুরতহাল ও আলামত সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়।
নিহতরা হলেন—চান্দেরখোলা গ্রামের মৃত আবদার আলীর স্ত্রী মনিরা বেগম (৫২), তাঁর ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)। রাশিদা বেগম বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামের মৃত আব্দুর রশীদের স্ত্রী। তিনি কয়েক দিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সন্দেহবশত উঁকি দিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন। একসঙ্গে একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পিবিআই কর্তারা জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সিআইডির তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত দিন